ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা? জানা গেল চমকপ্রদ তথ্য
বিনোদন ডেস্ক: বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো সুপার বোলের আদলে হাফটাইম শোর আয়োজন করে ফিফা। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই জমকালো আয়োজনে পারফর্ম করেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা, ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস।
এত বড় আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করার জন্য শিল্পীরা মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন বলে ধারণা করা হলেও বাস্তবতা ভিন্ন। দ্য অ্যাথলেটিক-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, শাকিরা, ম্যাডোনা ও বিটিএস—তিন পক্ষই এই হাফটাইম শোর জন্য কোনো পারিশ্রমিক নেননি।
প্রতিবেদন অনুযায়ী, তারা নিজেদের পারফরম্যান্স গ্লোবাল সিটিজেন-এর সামাজিক উদ্যোগের অংশ হিসেবে উৎসর্গ করেছেন। অর্থাৎ, অর্থের বিনিময়ে নয়; বরং মানবিক বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে দিতেই তারা এই আয়োজনে অংশ নিয়েছেন।
এটি যুক্তরাষ্ট্রের সুপার বোল হাফটাইম শো-এর দীর্ঘদিনের প্রচলিত রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সেখানে সাধারণত শিল্পীরা আলাদা পারিশ্রমিক পান না। পরিবর্তে বিশ্বের সবচেয়ে বড় টেলিভিশন দর্শকের সামনে পারফর্ম করার মাধ্যমে নিজেদের পরিচিতি ও ব্র্যান্ডমূল্য আরও বাড়ানোর সুযোগ পান।
ফিফার তথ্য অনুযায়ী, ২০২২ সালের বিশ্বকাপ ফাইনাল বিশ্বজুড়ে প্রায় ১৪২ কোটি (১.৪২ বিলিয়ন) দর্শক উপভোগ করেছিলেন। ফলে এবারের হাফটাইম শোও বিশ্বের সবচেয়ে বেশি দর্শকপ্রিয় আয়োজনগুলোর একটিতে পরিণত হয়েছে।
হাফটাইম শোর সৃজনশীল পরিচালনার দায়িত্বে ছিলেন কোল্ডপ্লে ব্যান্ডের প্রধান গায়ক ক্রিস মার্টিন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, শাকিরা, ম্যাডোনা ও বিটিএস-এর সংগীত ভাষা, সংস্কৃতি ও প্রজন্মের সীমানা অতিক্রম করে মানুষকে একত্রিত করে। এই আয়োজন ফুটবল, ঐক্য ও মানবতার এক অনন্য উদযাপন।









