নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
মানব কথা:সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের প্রমাণ পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সংগঠনের আমির ডা. শফিকুর রহমান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে জানানো হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের ভিত্তিতে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগের সত্যতা পাওয়ায় সংগঠনের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া, গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে বাংলাদেশ নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করারও সিদ্ধান্ত নিয়েছে দলটি।
জামায়াতে ইসলামী জানিয়েছে, সংগঠনের আদর্শ, নৈতিকতা ও শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের অনিয়ম বা অসদাচরণের সঙ্গে আপস করা হবে না। দলের গঠনতন্ত্র অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের অভিযোগের ক্ষেত্রে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।









