শাপলা চত্বর হত্যা মামলা: ২৭ জুলাই শুরু হচ্ছে বিচার কার্যক্রম

সময়: 7:14 am - July 25, 2026 |

মানব কথা: আগামী সোমবার (২৭ জুলাই) শাপলা চত্বর হত্যা মামলার প্রতিবেদন দাখিল ও বিচার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, এ মামলায় গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, পুলিশের সাবেক আইজিপি একে এম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।

প্রসিকিউশন জানায়, গত ১৪ মে ট্রাইব্যুনাল ডা. দীপু মনি, ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে এ মামলায় গ্রেপ্তার দেখায়। এর আগে ৭ মে তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করা হয়।

প্রসিকিউশনের দাবি, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের ঘটনাকে ঘিরে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দীপু মনির সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। একই সঙ্গে ওই ঘটনার বিষয়ে একাত্তর টেলিভিশনের মাধ্যমে উসকানিমূলক প্রচারের অভিযোগ আনা হয়েছে সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে।

তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরকেন্দ্রিক ঘটনায় ঢাকাসহ চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হন। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে প্রসিকিউশন জানিয়েছে।

দ্রষ্টব্য: মামলাটি বর্তমানে বিচারাধীন। এখানে উল্লেখিত অভিযোগগুলো প্রসিকিউশনের দাবি; আদালতের চূড়ান্ত রায়ের আগে এগুলো প্রমাণিত হিসেবে গণ্য করা যাবে না।

Share Now

এই বিভাগের আরও খবর