বিদায়ী রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
মানব কথা: সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি বিশেষ সাংবিধানিক সুরক্ষা পেয়েছেন। পদ ছাড়ার পরও নির্দিষ্ট সময় পর্যন্ত রাষ্ট্রীয় নিরাপত্তাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন তিনি। রোববার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, স্বৈরাচার সরকারের শেষ সময়, অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান সরকারের প্রায় ছয় মাস—এই সময়ে সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছেন। বিধিবিধান অনুযায়ী তিনি দায়িত্ব পালন করেছেন এবং সরকার তার সহযোগিতা পেয়েছে। তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালনকালে বিশেষ সুরক্ষার মধ্যে থাকেন। এ কারণে তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগে আদালতে মামলা করার সুযোগ নেই। তবে রাষ্ট্রপতির দায়িত্বের বাইরে অন্য কোনো সময়ে কেউ কোনো বক্তব্য দিয়ে থাকলে সেটি ভিন্ন বিষয়।
লন্ডনে গিয়ে কথা বলার প্রয়োজন নেই:
সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী রাষ্ট্রপতির টেলিফোনে যোগাযোগের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারও সঙ্গে কথা বলার জন্য লন্ডনে যাওয়ার প্রয়োজন নেই। বর্তমান প্রযুক্তির যুগে বিশ্বের যেকোনো প্রান্তে বসেই যোগাযোগ করা সম্ভব। তিনি বলেন, লন্ডনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে হবে—এমন দাবি তার কাছে বাস্তবসম্মত মনে হয় না।
রথযাত্রায় নিরাপত্তা নিয়ে প্রস্তুতি:
রথযাত্রা ও উল্টো রথযাত্রা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুই ধর্মীয় উৎসব যাতে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে জন্য সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হয়েছে। তিনি জানান, সরকারের গোয়েন্দা সংস্থাগুলোও এ বিষয়ে সমন্বিতভাবে দায়িত্ব পালন করেছে। ফলে উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
বেনজীরকে ফেরাতে চেষ্টা চলছে:
দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার তাকে দেশে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি বলেন, বেনজীর আহমেদের বিষয়ে দুবাই সরকার যেসব কাগজপত্র চেয়েছে, সেগুলো ইতোমধ্যে পাঠানো হয়েছে।
দায়িত্ব পালনে পুলিশকে পুরস্কার:
পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, যারা নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দেশের মানুষের সেবা করবেন, সরকার তাদের পুরস্কৃত করবে। তবে দায়িত্ব পালনে ব্যর্থতা বা অনিয়ম হলে সংশ্লিষ্টদের তিরস্কারের মুখোমুখি হতে হবে বলেও জানান তিনি।









