রেলওয়ের উন্নয়ন প্রকল্প দ্রুত শেষের নির্দেশ :মন্ত্রী শেখ রবিউল আলম

সময়: 9:44 am - July 30, 2026 |

মানব কথা: বাংলাদেশ রেলওয়ের ২০২৬–২০২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)ভুক্ত চলমান ও অননুমোদিত নতুন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনায় এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলোর কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি। বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, এমপি। সভায় ২০২৬–২০২৭ অর্থবছরের এডিপিভুক্ত চলমান প্রকল্প এবং অননুমোদিত নতুন প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সভাপতির বক্তব্যে মন্ত্রী শেখ রবিউল আলম সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, জনস্বার্থে গৃহীত প্রতিটি প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে এবং সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করে বাস্তবায়ন করতে হবে। প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অযৌক্তিক বিলম্ব যেন না হয়, সে বিষয়ে তিনি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সভায় রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে, পরিকল্পনা কমিশন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর