বিপিসির চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেলেন মো. জিয়াউল হক
মানব কথা:বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হক। রোববার (২ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব সাবরিনা আফরিন মুস্তাফা স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মো. জিয়াউল হক নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বিপিসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। আদেশে উল্লেখ করা হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান পদ শূন্য থাকায় সংস্থাটির প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে তাকে এ দায়িত্ব অর্পণ করা হয়েছে। এর আগে, গত ২৬ জুলাই জারি করা পৃথক এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিপিসির তৎকালীন চেয়ারম্যান মো. রেজানুর রহমানকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। এরপর থেকেই সংস্থাটির চেয়ারম্যানের পদটি শূন্য ছিল। নতুন এ দায়িত্ব পালনের মাধ্যমে মো. জিয়াউল হক বিপিসির চলমান প্রশাসনিক কার্যক্রম তদারকির পাশাপাশি সংস্থার নীতিগত ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।









