পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল, ১৭ কর্মকর্তার পদায়ন

সময়: 1:48 pm - August 25, 2026 |

মানব কথা: পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। র‍্যাব, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বিশেষ শাখা (এসবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও রংপুর মহানগর পুলিশে (আরপিএমপি) গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে ঊর্ধ্বতন এসব কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়। একটি প্রজ্ঞাপনে পিবিআইয়ের ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবীরকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে। রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. তোফায়েল আহমেদ মিয়াকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার করা হয়েছে। এপিবিএনের পুলিশ সুপার নাজমুল আলমকে ডিএমপিতে বদলি করা হয়েছে। এছাড়া এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিমকে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে সংযুক্ত করা হয়েছে। অন্য এক প্রজ্ঞাপনে এসবির ডিআইজি মু. মাহবুবুর রশীদকে রংপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএমপির উপপুলিশ কমিশনার আসলাম উদ্দিনকে পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরুল আমীনকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে।

দুই কর্মকর্তার বদলির আদেশ বাতিল:

একই প্রজ্ঞাপনে ২০২৫ সালের ১১ ডিসেম্বর জারি করা আদেশে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি, পুলিশ সদর দপ্তরে বদলির আদেশ বাতিল করা হয়েছে। পাশাপাশি গত ৫ মে জারি করা আদেশে ডিএমপির উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলের পুলিশ সুপার হিসেবে বদলির আদেশও বাতিল করা হয়েছে।

পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তারও বদলি:

আরেক প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার নয় কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। তাদের মধ্যে এপিবিএনের পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনকে পিবিআইয়ে, এসবির বিশেষ পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনকে পিবিআইয়ে এবং আরপিএমপির উপপুলিশ কমিশনার মো. আবদুর রহমানকে পিবিআইয়ে পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। পিবিআইয়ের পুলিশ সুপার মো. জাফর হোসেনকে সিআইডিতে বদলি করা হয়েছে। একইভাবে পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এস এম সিরাজুল হুদাকে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে। এ ছাড়া পিবিআইয়ের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামানকে সিআইডিতে, পিবিআইয়ের পুলিশ সুপার এস এম রফিকুল ইসলামকে এপিবিএনে এবং সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মো. রিয়াজুল কবিরকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর