স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ভোটার ১২ কোটি ৮৭ লাখ
জিয়াউল হক টুটুল: সিনিয়র স্টাফ রিপোর্টার:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। চূড়ান্ত তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার। সোমবার (৩১ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশন এ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। এর আগে গত ৯ আগস্ট স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। তখন ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নতুন করে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন ভোটার যুক্ত হয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হয়েছে। নতুন ভোটার অন্তর্ভুক্তির পাশাপাশি মৃত ভোটারদের নাম বাদ দেওয়া এবং ভোটার তালিকার বিভিন্ন তথ্য সংশোধন করা হয়েছে। ইসির পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বর মাস থেকে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচন ধাপে ধাপে শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে ভোট গ্রহণের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি, ভোটকেন্দ্র নির্ধারণ, ভোটার তালিকা ও সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রম নিয়ে কাজ করছে।
স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তর ও মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয়ের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে আসন্ন নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে আরও এক ধাপ এগিয়ে গেল নির্বাচন কমিশন।









