ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
মোঃসাব্বির আহমেদ:
দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯১ জনে, যা ৫০০ ছোঁয়ার অপেক্ষায়। শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬০ হাজার ৫৫৭ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ১৫১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৯১৫ জন। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে এ বিভাগে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, খুলনায় ১৯০, বরিশালে ২১৩, রাজশাহীতে ১১৫, ময়মনসিংহে ৫০, রংপুরে ৬০ এবং সিলেট বিভাগে ২১ জন রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, নভেম্বরের প্রথম ১৪ দিনে ডেঙ্গুতে ৭৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে অক্টোবর মাসে ১৭৪ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জন মারা যান। চলতি বছর এখন পর্যন্ত ঢাকা বিভাগে ডেঙ্গুতে সর্বোচ্চ ২৪৪ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে এ বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২ হাজার ৬০৬ জন। ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।









