নাশকতা ঠেকাতে দেশজুড়ে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

সময়: 11:00 am - November 14, 2026 |

মানব কথা ডেস্ক:

দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা, যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সরকার। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও বিস্ফোরক প্রবেশ এবং সম্ভাব্য নাশকতা ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই), বিমানবন্দর ও ভিভিআইপি এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সরকারের একাধিক সূত্রের বরাতে জানা গেছে, নাশকতা, অগ্নিসন্ত্রাস ও যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিহত করতে পুলিশ, বিজিবি, র‌্যাবসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো চেষ্টা কঠোরভাবে দমনের নির্দেশনা রয়েছে সরকারের পক্ষ থেকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সীমান্ত এলাকার পাশাপাশি রাষ্ট্রের ‘ক’, ‘খ’ ও ‘গ’ শ্রেণির মোট ৫৮৭টি গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে বঙ্গভবন, গণভবন, জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাসভবন, বাংলাদেশ ব্যাংক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দর, চট্টগ্রাম বন্দর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং বাংলাদেশ টেলিভিশন। ভারতের সঙ্গে বাণিজ্য ও যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র বেনাপোল, হিলি, আখাউড়া, বুড়িমারী ও তামাবিল স্থলবন্দরেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। সীমান্তবর্তী জেলাগুলোতে জাতীয় বিদ্যুৎ গ্রিডের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। এর মধ্যে রয়েছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র, কক্সবাজারের মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র এবং ভারত থেকে বিদ্যুৎ আমদানির কাজে ব্যবহৃত কুষ্টিয়ার ভেড়ামারা ও কুমিল্লার উচ্চ ক্ষমতাসম্পন্ন গ্রিড সাবস্টেশন।

এ ছাড়া সিলেটের হরিপুর ও কৈলাসটিলা গ্যাসক্ষেত্র, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্র এবং চুয়াডাঙ্গার দর্শনা, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ও ফেনীর বিলোনিয়া সীমান্তের গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন ও সীমান্তবর্তী টেলিযোগাযোগ টাওয়ারগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। সব মিলিয়ে সীমান্ত সুরক্ষা ও অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্ট গার্ড ও আনসার বাহিনীর তিন লক্ষাধিক নিয়মিত সদস্য পালাক্রমে দায়িত্ব পালন করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদের বৈঠকে জরুরি আলোচনা হয়েছে। সরকারের শীর্ষ পর্যায় থেকে দেশের সব জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং বিজিবির সীমান্ত কমান্ডারদের কাছে বিশেষ সতর্কবার্তা সংবলিত চিঠি পাঠানো হয়েছে।

এর ধারাবাহিকতায় গত ১০ নভেম্বর পুলিশ সদরদপ্তর থেকে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার এবং সীমান্তবর্তী জেলার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করা হয়। বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

Share Now

এই বিভাগের আরও খবর