শ্রম অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি
তাহের মাহমুদ:
চলমান শ্রম অসন্তোষ ও বিশৃঙ্খল পরিস্থিতির কারণে উৎপাদন কার্যক্রম সচল রাখতে না পেরে ১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী, ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে এসব কারখানা বন্ধ রাখা হচ্ছে। শনিবার শ্রম অসন্তোষ ও মজুরি বৃদ্ধি নিয়ে বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যদের এক জরুরি মতবিনিময় সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বলেন, কারখানার ভেতরে কিছু বিপথগামী শ্রমিক বাইরের অপশক্তির উসকানি ও পরিচালনায় নিয়মিত বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা নিজেরা কাজ না করার পাশাপাশি অন্য শ্রমিকদেরও কাজে বাধা দিচ্ছে এবং কারখানায় ভীতিকর পরিবেশ তৈরি করছে। এমনকি কারখানা থেকে বের হয়ে দলবদ্ধভাবে অন্য কারখানার প্রধান ফটকে ইটপাটকেল নিক্ষেপ করে সেখানকার শ্রমিকদেরও কাজে যোগ দিতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিজিএমইএ সভাপতির তথ্য অনুযায়ী, চলমান পরিস্থিতিতে বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যভুক্ত ১৪৭টি কারখানা পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রম চালাতে ব্যর্থ হয়েছে। এর মধ্যে ৫৫টি কারখানা ইতোমধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে। বাকি ৯২টি কারখানা চালুর চেষ্টা করেও উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারেনি। এসব কারখানায় প্রায় তিন লাখ শ্রমিক কর্মরত রয়েছেন।
মাহমুদ হাসান খান বলেন, বিজিএমইএ ও সরকারের অনুরোধে মালিকরা গত ১২ থেকে ১৪ দিন সর্বোচ্চ চেষ্টা করেও কারখানা সচল রাখতে পারেননি। শ্রম আইন অনুযায়ী, কোনো বাণিজ্য সংগঠন এককভাবে কারখানা বন্ধ করতে পারে না। বরং নিরাপত্তা ও উৎপাদনের অনুকূল পরিবেশ না থাকায় সংশ্লিষ্ট কারখানার মালিকরা আগামী ১৫ নভেম্বর থেকে আইনগত অধিকার প্রয়োগ করে কারখানা বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। নিম্নতম মজুরি বোর্ডের কার্যক্রম প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি বলেন, মজুরি বোর্ড গঠনের পরও অরাজক পরিস্থিতি তৈরি করে মালিকপক্ষকে চাপের মুখে অযৌক্তিক মজুরি ঘোষণার পরিস্থিতিতে ফেলার চেষ্টা করা হচ্ছে কি না, অথবা এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি জানান, কারখানার সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হলে মজুরি বোর্ডে আলোচনার যৌক্তিকতা নিয়েও সভায় অংশ নেওয়া প্রায় দেড় হাজার সদস্য প্রশ্ন তুলেছেন। তবে দায়িত্বশীল অংশ হিসেবে আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিতব্য মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ অংশ নেবে এবং তাদের প্রস্তাব জমা দেবে। সংকট উত্তরণে শ্রমিক ফেডারেশনগুলোর ভূমিকা যথেষ্ট কার্যকর নয় বলেও মন্তব্য করেন মাহমুদ হাসান খান। তাঁর দাবি, মাঠপর্যায়ের নেতাকর্মীরা সাধারণ শ্রমিকদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারছেন না। এ সময় আশুলিয়া, সাভার ও গাজীপুর অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তিনি। শিল্পের স্বার্থে মালিক, শ্রমিক, সরকার ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বিজিএমইএ সভাপতি।









