স্থানীয় নির্বাচনে ‘ভোটচোর ইঞ্জিনিয়ারদের’ আর ছাড় নয়: জামায়াত আমির
শহিদুল ইসলাম:
স্থানীয় সরকার নির্বাচনে ভোট কারচুপির সঙ্গে জড়িত ‘ভোটচোর ইঞ্জিনিয়ারদের’ আর ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত উপজেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।জামায়াত আমির বলেন, নির্বাচনি ব্যবস্থার ওপর আঘাত করা হচ্ছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ নির্মাণে জামায়াত কোনো আপস করবে না। বারবার অপশক্তির মুখোমুখি হলেও লড়াই করে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। বর্তমান সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, সরকারের মধ্যে অনেক নেতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে। পরিকল্পিতভাবে জাতিকে ধ্বংস করতে দেশকে মাদকে সয়লাব করা হচ্ছে। চর দখলের মতো শিক্ষা প্রতিষ্ঠান দখল করা হচ্ছে। নেতাদের তোষামোদকারীদের কমিটিতে জায়গা দেওয়া হচ্ছে। দলকানা ও মেধাহীন শিক্ষকদের প্রাধান্য দেওয়া হচ্ছে। তিনি বলেন, জনগণ বুঝে নিক কার কী চরিত্র। অপরাধ চক্রকে ভেঙে চুরমার করে দিতে হবে।









