জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর দাবির সাথে একমত হলেও দুর্নীতিমুক্তভাবে তহবিল খরচ নিশ্চিত চায় জামায়াত
তুরস্কে কপ৩১ ভেন্যুতে জামায়াতের সংবাদ সম্মেলন
মানব কথা প্রতিনিধি,আন্তালিয়া (তুরস্ক):
বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান যে পাঁচটি দাবি জানিয়েছেন তাকে স্বাগত জানিয়েছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কপ৩১ এ অংশ নেয়া প্রতিনিধি দল। তবে বাংলাদেশের জন্য যে ৩০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষ যের পায়, তা নিশ্চিত করতে হবে। একই সাথে এই তহবিলের অর্থ যেন পুরোপুরি দুর্নীতিমুক্তভাবে ব্যবহার করা হয়, তাও নিশ্চিত করার দাবি জানিয়েছে জামায়াত ইসলামীর প্রতিনিধি দল। আজ ১৪ নভেম্বর, ২০২৬ তুরস্কের আনতালিয়ায় চলমান কপ৩১ ভেন্যুর বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য ও কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। এসময় তিনি বলেন, পূর্বে জলবায়ু তহবিলে যেসব আন্তর্জাতিক ফান্ড এসেছে তা খরচে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। তাই আগামীতে যে বরাদ্দ আসতে যাচ্ছে, সেখানে দুর্নীতি বন্ধের জন্য নিয়মিত ট্র্যাকিং রিপোর্ট জনসম্মুখে প্রকাশের দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে মাহবুবুল আলম সালেহী পরিবেশ রক্ষা নিয়ে জামায়াতের থ্রি জিরো ভিশন তুলে ধরেন। যেখানে জিরো ফ্লাডস, জিরো ওয়েস্ট ও জিরো এনভায়রনমেন্ট ডিগ্রেডেশনের কথা তিনি উল্লেখ করেন। এবং এই থ্রি জিরো ভিশনটি জামায়াতের পক্ষ থেকে বিভিন্ন সাইড ইভেন্টে তুলে ধরা হয়েছে বলে তিনি জানান। একই সাথে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের হাত থেকে বাংলাদেশসহ বিশ্বকে রক্ষা করতে বিশ্ব নেতাদের প্রতি জামায়াত আহ্বান জানায়।
মাহবুবুল আলম সালেহী বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে কোনভাবেই দায়ী না হলেও তার সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশের ওপরই। কিন্তু বিগত জলবায়ু সম্মেলনগুলো থেকে যে পরিমান তহবিল পেয়েছে, তা প্রতিশ্রুতির ৯ শতাংশেরও কম। এবং যার মধ্যে আবার বেশিরভাগই লোনে পাওয়া তহবিল। তাই ভবিষ্যতে এই ধরনের ঋণের চেয়ে অনুদানভিত্তিক তহবিলের দিকে সরকারকে জোর দেয়ার আহ্বান জানান। এছাড়া তিনি বলেন, জলবায়ু পরিবর্তন কিংবা পরিবেশ রক্ষা কোন রাজনৈতিক, ধর্মীয় কিংবা আঞ্চলিক ইস্যু নয়। তাই এ বিষয়ে সরকারকে সকল পক্ষকে একসাথে নিয়ে প্রত্যাশিত তহবিল পেতে কাজ করতে হবে বলে তিনি আহ্বান জানান। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের এমপি মাহবুবুল আলম সালেহী বলেন, বাংলাদেশ প্যাভিলিয়নের ভিতরে সংবাদ সম্মেলনের জন্য আজ দুপুর দেড়টায় পূর্বনির্ধারিত থাকলেও পরিবেশ মন্ত্রণালয়ের নিয়োজিত প্যাভিলিয়ন কর্তৃপক্ষ তা করতে অসহযোগিতা করেন। তিনি জানান, প্যাভিলিয়নে সংবাদ সম্মেলনের বিষয়টি সরাসরি পরিবেশ প্রতিমন্ত্রী ও প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিবের সাথে কথা বলে আগেই নিশ্চিত করা ছিলো। এ ঘটনাকে তিনি দুঃখজনক আখ্যায়িত করে বলেন, জামায়াত মূলত সরকারকে সহযোগিতা করে ঐক্যবদ্ধভাবে পরিবেশ রক্ষায় বাংলাদেশের অবস্থান তুলে ধরতে জলবায়ু সম্মেলনে এসেছিলো কিন্তু সরকারের জলবায়ু সম্মেলনের প্রতিনিধিরা তাতে সহযোগিতা করলো না। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কপ৩১ জামায়াত প্রতিনিধি দলের সমন্বয়ক ড. মাহমুদুল হাসান।









