মেক্সিকোর সালামানকায় ফুটবল ম্যাচ শেষে বন্দুক হামলা, নিহত ১১

সময়: 11:39 am - January 26, 2026 |

মানব কথা: মেক্সিকোর সালামানকা শহরে একটি ফুটবল ম্যাচের পর মাঠেই সশস্ত্র হামলায় ১১ জনকে হত্যা করেছে একদল হামলাকারী। এ ঘটনায় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন। তবে হামলার কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় বলে জানিয়েছে গণমাধ্যম।

সালামানকার মেয়র সেসার প্রিয়েতো রোববার ফেসবুকে এক পোস্টে এ ঘটনার কথা জানান। তিনি হামলাটিকে ‘কাপুরুষোচিত ও দুঃখজনক’ আখ্যা দিয়ে বলেন, এতে এক নারী ও এক শিশুও আহত হয়েছেন।

প্রিয়েতো বলেন, “এই ঘটনা একটি গুরুতর সামাজিক ভাঙ্গনের প্রতিফলন। এটি রাজ্যজুড়ে, বিশেষ করে সালামানকায় সহিংসতার একটি ঢেউ বইয়ে দিয়েছে, যা আমরা দুঃখের সঙ্গে প্রত্যক্ষ করছি।”

তিনি আরও বলেন, “দুর্ভাগ্যজনকভাবে অপরাধী গোষ্ঠীগুলো কর্তৃপক্ষকে তাদের অধীন করার চেষ্টা করছে, কিন্তু তারা তা অর্জন করতে পারবে না।”

সালামানকা যে গুয়ানাহুয়াতো রাজ্যে অবস্থিত, সেই রাজ্যের অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, হামলার ঘটনায় একটি তদন্ত শুরু করা হয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের শনাক্ত করতে নগর, রাজ্য ও ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।

ফেসবুকে দেওয়া আরেক মন্তব্যে মেয়র প্রিয়েতো বলেন, “দায়ীদের খুঁজে বের করা হবে।”

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গুয়ানাহুয়াতো মেক্সিকোর সবচেয়ে বিপজ্জনক রাজ্যগুলোর একটি হিসেবে পরিচিত।

Share Now

এই বিভাগের আরও খবর