সরকার চালানোর অভিজ্ঞতা আমাদের আছে: মির্জা ফখরুল

সময়: 1:45 pm - January 26, 2026 |

মানব কথা: বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে দলটির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এমপি ছিলাম, সরকার চালানোর অভিজ্ঞতা আমাদের আছে। শিক্ষকতা করেছি বলেই সবাই আমাকে স্যার বলে, স্যার নামেই আমি পরিচিত, কেউ আমার সম্বন্ধে খারাপ বলতে পারবে না। আমরা রাজনীতি করে ব্যবসা করি না। বিএনপি বড় দল। বিএনপি জনগণের অধিকার রক্ষা করে। মা-বোনদের অধিকার রক্ষা করে।

সোমবার (২৬ জানুয়ারি) সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়ন মাঠে এবং জগন্নাথপুর এলাকার সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন।

সমাবেশের একপর্যায়ে তিনি তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর প্রশংসা করে বলেন, এবারে যে নতুন মার্কা রয়েছে, তাদের একজন প্রতিনিধি এখানে দাঁড়িয়েছে, নাম দেলাওয়ার। এ এলাকারই ছেলে সে। বেশ ভালো ছেলে, তবে বয়স কম। লেগে থাকলে আগামীতে অনেক ভালো করতে পারবে। আমার বয়স হয়েছে।

হিন্দু ভোটারদের উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, এ দেশে কোনো সংখ্যালঘু নাই, যারা আছে তারা সবাই বাংলাদেশী নাগরিক। সকলের অধিকার সমান। কেউ ভয় পাবেন না, সবাই বুকে সাহস নিয়ে চলবেন। আমার ভাইয়েরা সব সময় আপনাদের পাহারা দেবে। পাশে থাকবে। বিএনপি নির্বাচিত হলে বাংলাদেশের সকলের অধিকার রক্ষা করবে।

নির্বাচনী সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর