যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করবে না ইরান

সময়: 9:28 am - February 22, 2026 |

মানব কথা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হুমকি ও পারমাণবিক চুক্তিতে বাধ্য করতে ‘সীমিত হামলার’ পরিকল্পনার প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার (২১ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, মার্কিন চাপের মুখে ইরান কখনই নতি স্বীকার করবে না।

ইরানি প্যারালিম্পিক দলের সদস্যদের সম্মান জানাতে আয়োজিত এক অনুষ্ঠানে পেজেশকিয়ান বলেন, ‘বিশ্বশক্তিগুলো আমাদের মাথা নত করতে বাধ্য করার জন্য কাপুরুষতার সঙ্গে সারিবদ্ধ হচ্ছে। কিন্তু আমরা এই সমস্যার সামনে মাথা নত করব না’।

উল্লেখ্য, এই মাসের শুরুতে ওমানে ও গত সপ্তাহে সুইজারল্যান্ডে দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা পুনরায় শুরু হলেও বড় কোনো অগ্রগতি অর্জিত হয়নি। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আশাবাদ ব্যক্ত করে জানিয়েছেন, একটি কূটনৈতিক সমাধান তাদের নাগালের মধ্যে রয়েছে ও তারা আগামী দুই-তিন দিনের মধ্যে একটি খসড়া চুক্তি ওয়াশিংটনে পাঠানোর পরিকল্পনা করছেন।

বর্তমানে মধ্যপ্রাচ্যে ২০০৩ সালের ইরাক আক্রমণের পর সর্ববৃহৎ বিমান শক্তি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ইতোমধ্যে ১২০টিরও বেশি বিমান মোতায়েন করেছে এবং বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ আরব সাগরে অবস্থানরত ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ স্ট্রাইক গ্রুপে যোগ দিতে যাচ্ছে।

এই পরিস্থিতির প্রতিক্রিয়ায় জাতিসংঘে লেখা এক চিঠিতে ইরান সতর্ক করে বলেছে, তারা যুদ্ধ না চাইলেও যেকোনো আগ্রাসনের ‘সিদ্ধান্তমূলক ও আনুপাতিক’ জবাব দেওয়া হবে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সাফ জানিয়ে দিয়েছেন, একটি অর্থপূর্ণ চুক্তি ছাড়া ‘খারাপ কিছু ঘটবে’। তিনি ইরানকে চুক্তিতে পৌঁছানোর জন্য সর্বোচ্চ ১৫ দিন সময় বেঁধে দিয়েছেন। এমনকি শুক্রবার তিনি ইঙ্গিত দিয়েছেন যে, আলোচনার টেবিলে সুবিধা পেতে সীমিত সামরিক পদক্ষেপের বিষয়টিও তিনি বিবেচনা করছেন।

এদিকে তেহরানের বাসিন্দাদের মধ্যে এই উত্তেজনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ সন্তানদের ভবিষ্যৎ ও ব্যবসা-বাণিজ্য নিয়ে উদ্বিগ্ন হলেও, অনেকে মনে করেন যুক্তরাষ্ট্র ইরানকে পরাজিত করতে পারবে না এবং শেষ পর্যন্ত তারা নতি স্বীকার করবে।

এদিকে, আঞ্চলিক সংঘাতের আশঙ্কায় সুইডেন, পোল্যান্ড ও অস্ট্রেলিয়াসহ বেশ কিছু দেশ তাদের নাগরিকদের ইরান ত্যাগের পরামর্শ দিয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর