২ বছরের কঠোর পরিশ্রম শেষে বলিউডে আরিফিন শুভ

সময়: 9:31 am - February 28, 2026 |

মানব কথা: দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বলিউডে অভিষেক হতে যাচ্ছে ঢালিউডের জনপ্রিয় নায়ক আরিফিন শুভর। আগামী ১৯ মার্চ মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত রাজনৈতিক থ্রিলার সিরিজ ‘জ্যাজ সিটি’। তবে এই যাত্রার নেপথ্যে রয়েছে দীর্ঘ দুই বছরের কঠোর পরিশ্রম এবং এক রোমাঞ্চকর অডিশন প্রক্রিয়া।

অনেকে ধারণা করেছিলেন কলকাতার মাধ্যমে শুভর বলিউড যাত্রা হচ্ছে, কিন্তু বিষয়টি ছিল ভিন্ন। সম্প্রতি কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে সিরিজের প্রচারণা অনুষ্ঠানে শুভ জানান, তিন বছর আগে যখন তিনি নেপালে ছিলেন, তখন প্রখ্যাত কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়ার একটি মেসেজ থেকে এই যাত্রার শুরু হয়। মুকেশ ছাবড়াই তাকে অডিশনের প্রস্তাব দেন।

হলিউড বা বলিউডের বড় প্রজেক্টে সুযোগ পাওয়া যে কতটা কঠিন, শুভর অভিজ্ঞতা তারই প্রমাণ। তিনি জানান, প্রায় দুই বছর ধরে তাকে বিভিন্নভাবে অডিশন দিতে হয়েছে। শুভ বলেন, “দুই বছর ধরে চিত্রনাট্য পাঠানো হতো। মুম্বাইয়ে ডেকেছিল, গিয়েছিলাম। ওই সময়ে একই চরিত্রের জন্য তারা আরও অনেকের অডিশন নিয়েছেন। একটা দৃশ্য অন্যকে দিয়ে করানোর পর সেই দৃশ্যই হয়তো আমাকেও পাঠানো হয়েছে।” অডিও এবং ভিডিও পাঠিয়ে বারবার নিজেকে প্রমাণ করার পর অবশেষে ‘জিমি রয়’ চরিত্রের জন্য চূড়ান্ত হন তিনি।

সনি লিভ-এ মুক্তি পেতে যাওয়া এই সিরিজে আরিফিন শুভকে দেখা যাবে ‘জিমি রয়’ নামক কেন্দ্রীয় চরিত্রে। সিরিজে তিনি বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি—এই চার ভাষায় অভিনয় করেছেন। সিরিজটি পরিচালনা করেছেন ‘গুলাব গ্যাং’ ও ‘জুবিলি’ খ্যাত পরিচালক সৌমিক সেন। এই প্রজেক্টটি দাঁড় করাতে পরিচালকের সময় লেগেছে প্রায় সাত বছর। পরিচালক জানান, সিরিজের প্রতিটি এপিসোডে থাকবে অন্তত একটি গান ও একটি খুনের রহস্য।

সিরিজে শুভর বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সৌরসেনী মিত্র। এছাড়াও রয়েছেন শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, শতফ ফিগার, অ্যালেক্সান্দ্রা টেলর এবং অমিত সাহার মতো পরিচিত মুখেরা। বিশেষ দিক হলো, সনি লিভের ইতিহাসে এবারই প্রথম কোনো সিরিজ হিন্দি ও ইংরেজির পাশাপাশি বাংলা ভাষায়ও মুক্তি পাচ্ছে।

আসন্ন ঈদে আরিফিন শুভর এই বলিউড অভিষেক দেশি দর্শকদের জন্য একটি বড় চমক হতে যাচ্ছে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

Share Now

এই বিভাগের আরও খবর