কাল শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ-২০২৬, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সময়: 1:45 pm - May 9, 2026 |

মানব কথা :- আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (১০ মে) থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে এ আয়োজনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৩ মে পুলিশ সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের বর্ণাঢ্য প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন। একইসঙ্গে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন এবং কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত সদস্যদের হাতে পদক তুলে দেবেন।
পুলিশ সপ্তাহ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, একটি রাষ্ট্রের স্থিতিশীলতা, সুশাসন ও উন্নয়ন অনেকাংশে নির্ভর করে পুলিশ বাহিনীর সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও শৃঙ্খলার ওপর। তিনি বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে অপরাধের ধরন জটিল ও বহুমাত্রিক হয়ে উঠছে উল্লেখ করে পুলিশ সদস্যদের এআই, ডেটা অ্যানালিটিকস, সিসিটিভি নজরদারি এবং ডিজিটাল ফরেনসিকস ব্যবহারে দক্ষ হয়ে ওঠার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি মব সহিংসতা, কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তার বাণীতে বলেন, প্রত্যেক পুলিশ সদস্যকে মানুষের কাছে সেবা ও আস্থার প্রতীক হয়ে উঠতে হবে। প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনার পাশাপাশি কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনাও দেন তিনি।
পুলিশ সপ্তাহের বিভিন্ন কর্মঅধিবেশনে বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা এবং আগামী বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং আইজিপি মো. আলী হোসেন ফকিরও পৃথক বাণী দিয়েছেন।
এবারের বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। তার নেতৃত্বে বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেবেন বর্ণাঢ্য এ প্যারেডে।
অনুষ্ঠানে ২০২৫ সালে অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, অপরাধ দমন, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, সততা ও কর্তব্যনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’, ‘বিপিএম-সেবা’ এবং ‘পিপিএম-সেবা’ প্রদান করা হবে।
বার্ষিক পুলিশ প্যারেড অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

Share Now

এই বিভাগের আরও খবর