হাম পরিস্থিতি ভয়াবহ, একদিনে আরও ১০ শিশুর প্রাণহানি
মানব কথা: দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুদের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৬ শিশু।মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও এক শিশু। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গে মারা গেছে মোট ৪৬৭ শিশু। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৮৮ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৫ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৮৩ শিশু। একই সময়ে ৯৪৫ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১৮১ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ হাজার ২৩ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৭৭২ জন। আক্রান্তদের মধ্যে মোট ৫২ হাজার ৫৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ৪৮ হাজার ৮০০ জন বাড়ি ফিরেছে।








