শুলিয়ার পশুর হাটে সংঘর্ষ, মারধরে প্রাণ গেল গরু ব্যবসায়ীর
মানব কথা: আশুলিয়ার একটি পশুর হাটে গরু বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষে শহীদুল্লাহ কায়সার (৫০) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাট কর্তৃপক্ষ ও তাদের সহযোগীদের বিরুদ্ধে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। মঙ্গলবার (২৬ মে) রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম পশুর হাটে এ ঘটনা ঘটে। নিহত শহীদুল্লাহ কায়সার ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের মঙ্গলবাড়ি এলাকার বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে ওষুধ ব্যবসার পাশাপাশি কোরবানির পশুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। স্বজনরা জানান, কোরবানির পশু বিক্রির উদ্দেশ্যে ১৮টি গরু নিয়ে হাটে আসেন শহীদুল্লাহ কায়সার। রাত পর্যন্ত ১৪টি গরু বিক্রি হলেও বাকি চারটি গরু নিয়ে তারা হাটে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাদের নির্ধারিত স্থানে গরু বাঁধতে চাইলে বাধা দেন শহীদুল্লাহর ভাগ্নে ফিরোজ কবির। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হাট কর্তৃপক্ষের লোকজন ও অজ্ঞাত কয়েকজন ফিরোজ কবিরের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। ভাগ্নেকে রক্ষা করতে গেলে শহীদুল্লাহ কায়সারকেও বেধড়ক মারধর করা হয়। হামলার সময় গরু বিক্রির প্রায় পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেছেন স্বজনরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) কাজী রেজাউল ইসলাম জানান, পশুর হাটে মারধরের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তবে ঘটনাস্থল আশুলিয়া থানার আওতাধীন হওয়ায় পরবর্তী আইনগত ব্যবস্থা সেখান থেকে নেওয়া হবে। ঘটনার বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।








