ঈদযাত্রায় সবাই স্বস্তি ও নিরাপদে বাড়ি ফিরছে : সড়কমন্ত্রী
মানব কথা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের মানুষ স্বস্তি ও নিরাপদে বাড়ি ফিরছেন বলে মন্তব্য করেছেন শেখ রবিউল আলম। তিনি বলেছেন, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ নেই এবং যাত্রীদের ভোগান্তি কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, “সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। আগের তুলনায় এবার ঈদযাত্রার পরিবেশ অনেক ভালো। মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে।” তিনি আরও বলেন, যাত্রীর তুলনায় পরিবহনের সংখ্যা কিছুটা কম থাকায় সীমাবদ্ধতা রয়েছে। তবে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে। শেখ রবিউল আলম বলেন, “অনেক যাত্রীর চলন্ত গাড়িতে ওঠার প্রবণতা রয়েছে, যা ঝুঁকিপূর্ণ। কোনো যাত্রী অভিযোগ করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।” সড়কের পাশে পশুর হাট বসানোর বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, কিছু এলাকায় পশুর হাটের চাপ সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়ছে, যা যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। তিনি আরও বলেন, “আমাদের একইসঙ্গে পশু বিক্রি ও ঈদযাত্রা—দুইটিই নিরাপদ রাখতে হবে। দুর্ঘটনা এড়াতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।”








