প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
মানব কথা:পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২৮ মে) এক শুভেচ্ছা বার্তায় এ তথ্য জানায় ভারতীয় হাইকমিশন।
শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি বলেন, “আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানাই।” তিনি বলেন, ঈদুল আজহা বাংলাদেশের মতো ভারতেরও সমৃদ্ধ ও বৈচিত্র্যময় ঐতিহ্যের অংশ। দেশজুড়ে লাখো মুসলমান উৎসাহ ও আনন্দের মধ্য দিয়ে এ উৎসব পালন করেন। ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ঈদ ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয় এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুভেচ্ছা বার্তায় তিনি উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশ যৌথ ত্যাগ, সাংস্কৃতিক বন্ধন এবং শান্তি-উন্নয়নের অভিন্ন আকাঙ্ক্ষা ধারণ করে। দুই দেশের জনগণের কল্যাণে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন তিনি। চিঠির শেষে বাংলাদেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন নরেন্দ্র মোদি। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুও কামনা করেন তিনি।








