ঈদুল আজহায় দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
মানব কথা:পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান। বুধবার এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির মহিমান্বিত বার্তা নিয়ে আবারও মুসলিম উম্মাহর দুয়ারে এসেছে পবিত্র ঈদুল আজহা। তিনি দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।” প্রধানমন্ত্রী বলেন, কোরবানি শুধু পশু জবাই নয়; বরং মানুষের ভেতরের লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ ও পশুত্বকে পরাভূত করার শিক্ষাই কোরবানির মূল তাৎপর্য। আল্লাহর প্রতি আত্মসমর্পণ ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার আহ্বান জানান তিনি। যাদের কোরবানি করার সামর্থ্য হয়েছে, তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে কোরবানির মাংস ভাগাভাগি করে নেওয়াও কোরবানির অন্যতম শিক্ষা। এছাড়া কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণ এবং পশুর বর্জ্য দ্রুত পরিষ্কারে পরিচ্ছন্নতাকর্মীদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি। প্রয়োজন হলে নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রমেও অংশ নেওয়ার অনুরোধ করেন প্রধানমন্ত্রী। ভিডিও বার্তায় তিনি দেশের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন। একইসঙ্গে বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ কামনাও করেন তিনি। শেষে আবারও দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ঈদ মোবারক।”








