শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি নয়, যোগ্যতাকেই প্রাধান্য দেওয়া হবে: মির্জা ফখরুল
মানব কথা:বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে কোনো ধরনের স্বজনপ্রীতি, দলীয়করণ বা রাজনৈতিক প্রভাব বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শুধুমাত্র যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ দেওয়া হবে। শুক্রবার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, “ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ও প্রত্যাশার প্রতিফলন। এই বিশ্ববিদ্যালয়কে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে একদিন এটি দেশের সেরা বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্থান করে নিতে পারে।” তিনি আরও বলেন, “যাদের সর্বোচ্চ যোগ্যতা ও দক্ষতা থাকবে, তারাই শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন। একটি আধুনিক ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়তে হলে শিক্ষার মানের সঙ্গে কোনোভাবেই আপস করা যাবে না।” সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি মেডিকেল কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। সরকার দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে এবং ইতোমধ্যে উপাচার্য নিয়োগ সম্পন্ন হওয়ায় কার্যক্রম এগিয়ে নেওয়ার পথ আরও সুগম হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরহাদ হোসেন আজাদ, মো. জাহিদুল ইসলাম, ড. ইসরাফিল শাহীন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও সাংবাদিকরা।









