কোরবানির বর্জ্য অপসারণে গাফিলতি, ঢাকা সিটির দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত
মানব কথা:কোরবানির পশুর বর্জ্য অপসারণে দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন–এর দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রীণরোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির বর্জ্য পড়ে থাকতে দেখে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—ডিএনসিসির জোন-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ডিএসসিসির জোন-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির। তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার পাশাপাশি বিভাগীয় ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, শুক্রবার দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক পরিস্থিতি ও বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে বের হন। তিনি গুলশান থেকে রামপুরা, মালিবাগ, বাসাবো, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইখাল, নারিন্দা, বংশাল, গুলিস্তান, শাহবাগ, নিউ মার্কেট, জিগাতলা, ধানমন্ডি, ফার্মগেট, বিজয় সরণি ও মহাখালীসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর সরেজমিন পরিদর্শন এবং তাৎক্ষণিক প্রশাসনিক পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন নগরবাসী। তাদের প্রত্যাশা, এতে ভবিষ্যতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে আরও জবাবদিহিতা নিশ্চিত হবে।








