বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও টেকসই অর্থনীতির পথে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
মানব কথা :দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী, স্থিতিশীল ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অংশীদারিত্ব জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশ ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিকে সামনে রেখে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।শনিবার (১৩ জুন) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত ‘বাণিজ্য, প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক কূটনীতির জন্য রোডম্যাপ ২০২৬: নেভিগেটিং রিস্ক, লিভারেজিং রেজিলিয়েন্স’ শীর্ষক উচ্চ পর্যায়ের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক ভূরাজনৈতিক পরিবর্তন এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনৈতিক কূটনীতিকে আরও কার্যকর করতে হবে। আন্তর্জাতিক সহযোগিতা ও অংশীদারিত্ব সম্প্রসারণের মাধ্যমে দেশের বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সৃজনশীল শিল্প, ক্রীড়া অর্থনীতি এবং অন্যান্য উদীয়মান খাতকে জাতীয় উন্নয়নের নতুন চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। এসব খাতে সুস্পষ্ট নীতিমালা, প্রয়োজনীয় বিনিয়োগ ও সরকারি পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা বিশ্বপরিসরে আরও শক্তিশালীভাবে তুলে ধরা সম্ভব হবে।ড. খলিলুর রহমান বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারের লক্ষ্য শুধু প্রবৃদ্ধি অর্জন নয়, বরং একটি সহনশীল ও প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তোলা, যা ভবিষ্যতের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবে।










