ভারতের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

সময়: 12:16 pm - June 13, 2026 |

মানব কথা:ভারতের নতুন সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ পেয়েছেন বর্তমান ভাইস চিফ অব আর্মি স্টাফ (ভিসিওএএস) লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। আগামী ৩০ জুন বিকেল থেকে তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হবেন। শনিবার (১৩ জুন) ভারত সরকার এ নিয়োগের ঘোষণা দেয়।  ১৯৮৬ সালের ডিসেম্বরে আর্মার্ড কোরে কমিশনপ্রাপ্ত ধীরাজ শেঠ মহারাষ্ট্রের খড়গওয়াসলায় অবস্থিত ন্যাশনাল ডিফেন্স একাডেমির (এনডিএ) সাবেক শিক্ষার্থী। প্রায় চার দশকের সামরিক জীবনে তিনি ভারতের সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল, কৌশলগত ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। ধীরাজ শেঠ মরুভূমি অঞ্চলে একটি আর্মার্ড রেজিমেন্ট, পাটিয়ালাভিত্তিক ৯৮ আর্মার্ড ব্রিগেড, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানে নিয়োজিত ইউনিফর্ম ফোর্স এবং ২১ স্ট্রাইক কোরের নেতৃত্ব দিয়েছেন। এছাড়া দিল্লি এরিয়ার জেনারেল অফিসার কমান্ডিং, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমান্ড এবং দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সেনা সদর দপ্তরে অ্যাসিস্ট্যান্ট মিলিটারি সেক্রেটারি, সদর দপ্তর সাউথ ওয়েস্টার্ন কমান্ডে ব্রিগেডিয়ার জেনারেল স্টাফ (অপারেশনস) এবং ডিরেক্টর জেনারেল ডিসিপ্লিন, সেরিমোনিয়াল অ্যান্ড ওয়েলফেয়ারসহ একাধিক গুরুত্বপূর্ণ স্টাফ পদেও দায়িত্ব পালন করেছেন তিনি। উল্লেখযোগ্যভাবে, ১৯৯৭ সালে জেনারেল শঙ্কর রায় চৌধুরীর অবসরের পর ধীরাজ শেঠই প্রথম আর্মার্ড কোর কর্মকর্তা হিসেবে ভারতের সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।

Share Now

এই বিভাগের আরও খবর