বিশ্বকাপ জিতলেও আসল ট্রফি পায় না চ্যাম্পিয়ন দল, জানুন কেন

সময়: 10:18 am - July 19, 2026 |

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ফিফা বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ফাইনালের পর নতুন বিশ্বচ্যাম্পিয়ন দল ট্রফি উঁচিয়ে উদযাপন করবে। তবে অনেকেরই অজানা—চ্যাম্পিয়ন দল স্থায়ীভাবে আসল বিশ্বকাপ ট্রফি নিজেদের কাছে রাখতে পারে না। ফিফার নিয়ম অনুযায়ী, ফাইনাল শেষে বিজয়ী দল মাঠে আসল ট্রফি হাতে উদযাপন করলেও আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর সেটি ফিফার কাছে ফিরিয়ে দিতে হয়। পরে চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় সোনার প্রলেপযুক্ত ব্রোঞ্জ-অ্যালয়ের তৈরি আসল ট্রফির একটি প্রতিরূপ (রেপ্লিকা)। আসল বিশ্বকাপ ট্রফিটি সারা বছর সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা মিউজিয়ামে সংরক্ষিত থাকে। বিশেষ প্রদর্শনী, ট্রফি ট্যুর কিংবা বিশ্বকাপের নির্দিষ্ট অনুষ্ঠানে এটি জনসমক্ষে আনা হয়। বিশ্বকাপের প্রথম ট্রফি ছিল ‘জুল রিমে ট্রফি’, যার নকশা করেছিলেন ফরাসি ভাস্কর আবেল লাফ্লুর। সে সময় নিয়ম ছিল, কোনো দেশ তিনবার বিশ্বকাপ জিতলে ট্রফিটি স্থায়ীভাবে নিজেদের কাছে রাখতে পারবে। ১৯৭০ সালে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতে ব্রাজিল সেই সম্মান অর্জন করে।

তবে জুল রিমে ট্রফির ইতিহাসে দুটি আলোচিত চুরির ঘটনা রয়েছে। ১৯৬৬ সালে ইংল্যান্ডে প্রদর্শনীর সময় ট্রফিটি চুরি হলেও পরে একটি কুকুর সেটি উদ্ধার করে। কিন্তু ১৯৮৩ সালে ব্রাজিলে দ্বিতীয়বার চুরি হওয়ার পর ট্রফিটি আর কখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হয়, সেটি গলিয়ে ফেলা হয়েছিল। এরপর ১৯৭৪ সাল থেকে চালু হয় বর্তমান বিশ্বকাপ ট্রফি। ইতালীয় ভাস্কর সিলভিও গাজ্জানিগার নকশায় তৈরি ১৮ ক্যারেট সোনার এই ট্রফির উচ্চতা ৩৬.৮ সেন্টিমিটার এবং ওজন ৬.২ কেজি। ট্রফিটিতে দুই মানব অবয়বকে পৃথিবী ধারণ করতে দেখা যায়, যা বিশ্ব ফুটবলের ঐক্য ও গৌরবের প্রতীক। এবারের ফাইনালে আর্জেন্টিনা কিংবা স্পেন—যে দলই বিশ্বচ্যাম্পিয়ন হোক না কেন, তারা ম্যাচ শেষে আসল ট্রফি হাতে বিজয় উদযাপনের সুযোগ পাবে। কিন্তু শেষ পর্যন্ত সেই ঐতিহাসিক ট্রফি ফিরে যাবে ফিফার জাদুঘরে। আর চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেওয়া হবে আসল ট্রফির নিখুঁত প্রতিরূপ, যা তাদের স্থায়ী স্মারক হিসেবে সংরক্ষিত থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর