তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের দাপুটে জয়
স্পোর্টস ডেস্ক: রুদ্ধশ্বাস লড়াইয়ে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নিশ্চিত করেছে ইংল্যান্ড। মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে বুকায়ো সাকার দুর্দান্ত হ্যাটট্রিক এবং জুড বেলিংহ্যামের শেষ মুহূর্তের গোলে স্মরণীয় জয় তুলে নেয় থ্রি লায়ন্সরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইংল্যান্ড। ডেকলান রাইস, এজরি কনসা এবং বুকায়ো সাকার জোড়া গোলে প্রথমার্ধেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। অন্যদিকে, প্রথম ৪৫ মিনিটে ছন্দহীন ফুটবল খেলায় চাপে পড়ে ফ্রান্স। বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। কোচ দিদিয়ের দেশঁ একসঙ্গে চারজন বদলি নামানোর পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ফ্রান্স। ৪৮ মিনিটে মাইকেল অলিসের পাস থেকে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এরপর ব্র্যাডলি বারকোলা ব্যবধান কমান, আর কিছুক্ষণ পর নিজের দ্বিতীয় গোল করে চলতি বিশ্বকাপে ১০ গোলের মাইলফলক স্পর্শ করেন এমবাপ্পে। এর মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসে মোট ২২ গোল করে তিনি লিওনেল মেসিকেও ছাড়িয়ে যান।সমতায় ফেরার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি অলিস। এরপর আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইংল্যান্ড। ৮৭ মিনিটে জেড স্পেন্সকে ফাউল করায় পাওয়া পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন বুকায়ো সাকা। বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে হ্যাটট্রিক করা চতুর্থ ফুটবলার হিসেবে ইতিহাসে নাম লেখান তিনি।
শেষদিকে উসমান দেম্বেলে ফ্রান্সের হয়ে আরেকটি গোল শোধ করলেও ম্যাচের যোগ করা সময়ে জুড বেলিংহ্যামের গোলেই ৬-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে ইংল্যান্ড। এই জয়ের মাধ্যমে ১৯৬৬ সালের পর বিশ্বকাপে নিজেদের অন্যতম সেরা সাফল্য অর্জন করল ইংল্যান্ড। অন্যদিকে, চারটি গোল করেও পরাজয়ের হতাশা নিয়েই বিশ্বকাপ অভিযান শেষ করতে হলো ফ্রান্সকে।










