সাংবাদিক শফিকের মুক্তির দাবিতে মানববন্ধন, কর্মসূচির ঘোষণা
অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে গ্রেপ্তার হওয়া সাংবাদিক হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। তারা আগামীকালের মধ্যে শফিককে মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস অধিদপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। বুধবার (২২ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সাধারণ সাংবাদিক সমাজের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ হুঁশিয়ারি দেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ বলেন, অনুসন্ধানী প্রতিবেদনের কারণে একজন সাংবাদিককে গ্রেপ্তার করা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক। তিনি প্রশ্ন তুলে বলেন, শাহবাগ থানা কোন আইনের ভিত্তিতে মামলাটি গ্রহণ করেছে এবং কোনো চাপের মুখে এ মামলা নেওয়া হয়েছে কি না, তা তদন্ত হওয়া প্রয়োজন। তিনি বলেন, যদি কোনো প্রতিবেদনের বিষয়ে আপত্তি থাকে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান আদালতে মানহানির মামলা করতে পারতেন কিংবা সংবাদমাধ্যমে জবাব দেওয়ার সুযোগ ছিল। কিন্তু সরাসরি ফৌজদারি মামলা করে সাংবাদিককে গ্রেপ্তার করা গ্রহণযোগ্য নয়।
পুলিশ সদস্যদের উদ্দেশে এরফানুল হক নাহিদ বলেন, আইনি প্রক্রিয়া অনুসরণ না করে অতি উৎসাহী ভূমিকা নেওয়া উচিত হয়নি। আদালতের নির্দেশ বা গ্রেপ্তারি পরোয়ানার পরই আইনগত ব্যবস্থা নেওয়া যেত। তিনি আরও বলেন, “আগামীকালের মধ্যে হাফিজুর রহমান শফিককে মুক্তি দিতে হবে। অন্যথায় আমরা শাহবাগ থানা, ফায়ার সার্ভিস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করবো।” মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার বলেন, একটি অনুসন্ধানী প্রতিবেদনের কারণে একজন সাংবাদিককে গ্রেপ্তার করা সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সাংবাদিক সমাজ তথ্যপ্রযুক্তি আইন, ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইনের অপব্যবহারের বিরুদ্ধে আন্দোলন করেছে। বর্তমান পরিস্থিতিতে আবারও সাংবাদিকের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনা হতাশাজনক। তিনি অভিযোগ করেন, প্রশাসনের কিছু অংশে এখনো কর্তৃত্ববাদী মানসিকতা রয়ে গেছে। তিনি তথ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে যে অনুসন্ধানী প্রতিবেদনের কারণে এ মামলা হয়েছে, সেখানে যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাদের বিরুদ্ধেও তদন্তের দাবি জানান।
বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহার এবং সাংবাদিক হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় সাংবাদিকদের শীর্ষ সংগঠনগুলো আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে জানান তারা। মানববন্ধনে বক্তারা বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা করতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করতে হয়। কিন্তু বর্তমানে এমন পরিবেশ তৈরি হয়েছে, যেখানে সাংবাদিকরা মিথ্যা মামলা, হয়রানি ও হামলার ঝুঁকিতে রয়েছেন। তারা বলেন, অপরাধ করলে বিচার হবে, তবে কোনো সাংবাদিককে মব তৈরি করে বা মিথ্যা মামলায় হয়রানি করা গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কাউন্সিলর ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য মোহাম্মদ মাসুদ।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য নিজামুদ্দিন দরবেশ, রাজু আহমেদ, তালুকদার রুমি, ফখরুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য এইচ এম আল-আমিন, জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম, সাংবাদিক তাপস, রাসেল, জিয়াউর রহমান, বিএফইউজের কাউন্সিলর নুরুল আবছার, ডিইউজের সদস্য আকাশ মনিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।









