প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস মোদির, মধ্যরাতে ইনস্টাগ্রামে ভিডিও বার্তা
মানব কথা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নফাঁস রোধে সরকারের পরিকল্পনা তুলে ধরে মধ্যরাতে ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। ভিডিওটি প্রকাশের পর ইতিবাচক সাড়া পাওয়ায় তরুণদের উদ্দেশে আলাদা এক বার্তায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।শুক্রবার মধ্যরাতে প্রকাশিত বার্তায় মোদি বলেন, “আপনাদের ইতিবাচক সাড়া এবং মূল্যবান পরামর্শের জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করবে।”দিল্লির জন্তর মন্তরে প্রশ্নফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে প্রকাশিত ভিডিওতে প্রধানমন্ত্রী বলেন, প্রশ্নফাঁস কোনো সাধারণ ঘটনা নয়; এটি লাখো শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য গভীর উদ্বেগ ও কষ্টের বিষয়। তিনি জানান, গত আড়াই মাসে এ ধরনের ঘটনা মোকাবিলায় সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে।
মোদির দাবি, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ নষ্ট না হয়, সে জন্য দ্রুত পরীক্ষা আয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।তিনি আরও জানান, প্রশ্নফাঁস-সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের প্রস্তাব এসেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং মন্ত্রিসভার অনুমোদনের পর আগামী সপ্তাহেই এ-সংক্রান্ত বিল সংসদে উত্থাপন ও দ্রুত পাসের চেষ্টা করা হবে।এদিকে, প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনের পর কেন্দ্র সরকার উচ্চশিক্ষা সচিব বিনীত যোশিকে অন্য মন্ত্রণালয়ে বদলি করেছে। পাশাপাশি ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-এর ৪৭ কর্মীকেও বরখাস্ত করা হয়েছে।
তবে আন্দোলনকারীরা তাদের মূল দাবি থেকে সরে আসেননি। তারা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন। শুক্রবার আন্দোলনকারী প্রতিনিধিরা কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে দাবিপত্র জমা দেন। এতে নিট (NEET) প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়ার দাবিও অন্তর্ভুক্ত ছিল।অন্যদিকে, সরকারি সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বিজেপির পূর্ণ সমর্থন পাচ্ছেন এবং তাকে মন্ত্রিসভা থেকে সরানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।










