বৈরি আবহাওয়ায় পরীক্ষা দিতে না পারা এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
মানব কথা: বৈরি আবহাওয়ার কারণে নির্ধারিত দিনে পরীক্ষায় অংশ নিতে না পারা এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। পুনঃপরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। শনিবার (২৫ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া অন্যান্য শিক্ষা বোর্ডের যেসব এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিতে পারেননি, কিন্তু এখন অংশগ্রহণ করতে চান, তাদের নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে।
নির্দেশনাটি প্রযোজ্য পাঁচটি বিষয়ের জন্য। এগুলো হলো—
- পদার্থবিজ্ঞান প্রথম পত্র
- হিসাববিজ্ঞান প্রথম পত্র
- যুক্তিবিদ্যা প্রথম পত্র
- মাদরাসা শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্র
- কারিগরি শিক্ষা বোর্ডের অফিস ম্যানেজমেন্ট
আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রগুলোকে রেজিস্ট্রেশন সম্পন্ন করা শিক্ষার্থীদের তথ্য ৩০ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে জরুরি ভিত্তিতে পাঠাতে হবে। পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি বিষয়টিকে অতীব জরুরি উল্লেখ করে নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য শিক্ষার্থী ও কেন্দ্র কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে।









