হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
মানব কথা: দেশে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৭২ জন শিশু। তবে এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৪৪ জন শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯৬ জনের। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে দেশে মোট ৮৪০ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২১ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৭৫১ জন। এ সময় ৬৮৭ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৫৩৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ৬১ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ১৬ হাজার ১৮০ জন। এ পর্যন্ত মোট ১ লাখ ১১ হাজার ৬৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৭ হাজার ৩৯৭ জন বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার পাশাপাশি আক্রান্ত শিশুকে দ্রুত চিকিৎসার আওতায় আনতে হবে। একই সঙ্গে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপরও গুরুত্বারোপ করেছেন তারা।









