‘আমরা সবাই সরকারের অংশ’—মহিলা দলের নেতাকর্মীদের রিজভী
নিজস্ব প্রতিবেদক:জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘আজ বিএনপি ক্ষমতায়, আমাদের আর পাওয়ার কী আছে—এমন ভাবার সুযোগ নেই। আমরা প্রত্যেকেই সরকারের অংশ।’শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত বর্ণাঢ্য র্যালির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘শুধু মন্ত্রী বা সংসদ সদস্য হওয়াই সরকারের অংশ হওয়ার বিষয় নয়। দলের নেতাকর্মীরাও সরকারের অংশ। আমাদের জানতে হবে সরকারের জনকল্যাণমূলক কর্মসূচিগুলো কী এবং সেগুলো জনগণের কাছে তুলে ধরতে হবে।’তিনি বলেন, দীর্ঘ কষ্ট ও সংগ্রামের মধ্য দিয়ে জাতীয়তাবাদী মহিলা দল আজকের অবস্থানে এসেছে। জেলা, মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা অত্যন্ত যোগ্যতাসম্পন্ন। রাষ্ট্র বা কোনো প্রতিষ্ঠান পরিচালনায় নারীরাও সমানভাবে সক্ষম।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনাগুলো জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এসব কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সমাজের সর্বস্তরে তা পৌঁছে দেওয়ার দায়িত্ব দলীয় নেতাকর্মীদের।‘সবাই মন্ত্রী বা সংসদ সদস্য হবেন না। তবে যারা নির্বাচিত হয়েছেন, তারা দলেরই প্রতিনিধি। সরকার কীভাবে দেশের মানুষের আর্থিক উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নের জন্য কাজ করছে, তা জনগণকে জানাতে হবে। এসব কর্মসূচি উপলব্ধি ও আত্মস্থ করে জনগণের কাছে তুলে ধরতে হবে,’ বলেন তিনি।
বিএনপির আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে ধরে রিজভী বলেন, জাতীয়তাবাদী মহিলা দলের অনেক নেতাকর্মী অতীতে গ্রেপ্তার, রিমান্ড ও কারাভোগের শিকার হয়েছেন। অনেককে দলীয় কার্যালয় থেকে আটক করে আদালতের মাধ্যমে দীর্ঘ সময় কারাগারে রাখা হয়েছিল। সেই ত্যাগ ও নির্যাতনের স্মৃতি এখনো তাদের মনে রয়েছে।নারীর ক্ষমতায়নের প্রসঙ্গে তিনি বলেন, সরকারের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে জনগণকে জানাতে মহিলা দলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে ফ্যামিলি কার্ডের মতো কর্মসূচিতে পরিবারের নারীদের গুরুত্ব দেওয়া হচ্ছে।রিজভী বলেন, ‘নারীর ক্ষমতায়নের জন্য দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ—নারীদের শিক্ষার আলোয় আলোকিত হতে হবে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি শিক্ষার প্রসারেও সরকারের বিভিন্ন উদ্যোগ রয়েছে।’
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের গণবান্ধব কর্মসূচি ও নারীর ক্ষমতায়নের উদ্যোগগুলো জনগণের মধ্যে তুলে ধরতে হবে। দলের নেতাকর্মীদের এসব কর্মসূচি সম্পর্কে জানতে, উপলব্ধি করতে এবং জনগণের কাছে তা ছড়িয়ে দিতে হবে।র্যালি ও প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









