তরুণরা চাইলে দেশ পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: তরুণ সমাজ চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের বিপুলসংখ্যক তরুণ ঐক্যবদ্ধভাবে এগিয়ে এলে পরিচ্ছন্ন ও সুস্থ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।তরুণদের শক্তির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের এত বড় তরুণ সমাজ যদি দেশ পরিবর্তনের লক্ষ্য নিয়ে কাজ করতে চায়, তাহলে সেই পরিবর্তন সম্ভব। ২০২৪ সালের ৫ আগস্ট তরুণরা পরিবর্তন এনেছিল উল্লেখ করে তিনি বলেন, একইভাবে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তেও তরুণদের সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, “তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব।”
তিন মাসে ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা
ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী তিন মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। শতভাগ ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব না হলেও ৮০ শতাংশ পর্যন্ত প্রতিরোধ করা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়; নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিজেদের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকেও সবাইকে নজর দিতে হবে।
সপ্তাহে এক ঘণ্টা পরিচ্ছন্নতায় দেওয়ার আহ্বান
দেশবাসীর প্রতি প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা নিজেদের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে রাস্তাঘাটে যত্রতত্র ময়লা না ফেলার জন্যও সবাইকে অনুরোধ করেন তিনি।তিনি বলেন, দেশকে সুন্দর ও সুস্থ রাখতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিজের সুস্থতার পাশাপাশি পরিবার, সমাজ ও দেশকে সুস্থ রাখার দায়িত্বও প্রত্যেক নাগরিককে নিতে হবে।
তিন মাসব্যাপী অভিযান
উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে করমর্দনও করেন।উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী দেশজুড়ে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ চলবে। এ অভিযানের লক্ষ্য ডেঙ্গুর বিস্তার রোধের পাশাপাশি নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বাড়ানো।









