ঈদের দিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
মানব কথা: রাজধানীর বঙ্গভবনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন মো. সাহাবুদ্দিন। আগামী ২৮ মে ঈদের দিন সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত বঙ্গভবনের দরবার হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সারওয়ার আলম সোমবার (২৫ মে) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ডা. রেবেকা সুলতানা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এছাড়া গণমাধ্যমের মাধ্যমে দেশবাসী ও মুসলিম উম্মাহর উদ্দেশে ঈদের শুভেচ্ছা বার্তাও দেবেন রাষ্ট্রপতি। সংবর্ধনা অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, জ্যেষ্ঠ রাজনীতিক, বিচারপতি, কবি-সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, কূটনীতিক এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতিগণ, মন্ত্রী-প্রতিমন্ত্রী, উপদেষ্টাবৃন্দ, বিদেশি কূটনীতিক, সুপ্রিম কোর্টের বিচারপতি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, শিল্পী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতা এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা। বঙ্গভবন সূত্র জানিয়েছে, অতিথিদের জন্য অনুষ্ঠানে ঐতিহ্যবাহী খাবারের আয়োজন রাখা হয়েছে। সংবর্ধনা শেষে রাষ্ট্রপতি পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন বলেও জানা গেছে।









