চামড়া ব্যবস্থাপনায় উন্নতি হলে বাড়বে দাম: প্রাণিসম্পদমন্ত্রী
মানব কথা: আগামী বছর থেকে কোরবানির পশুর চামড়া নষ্ট হওয়ার হার শূন্যের কোঠায় নামিয়ে আনতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, এ লক্ষ্যে ইতোমধ্যে ২০ থেকে ২২ হাজার মানুষকে চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সোমবার (২৫ মে) কুমিল্লা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, চামড়ার সিন্ডিকেট নিয়ে যে আলোচনা রয়েছে, তা অনেকাংশেই প্রচলিত ধারণা। বাস্তবে কাঁচা চামড়া সংরক্ষণে প্রযুক্তিগত ও ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা রয়েছে। সময়মতো ও সঠিকভাবে লবণ ব্যবহার না করলে চামড়া দ্রুত নষ্ট হয়ে যায়।
তিনি আরও বলেন, ব্যবস্থাপনা উন্নত করা গেলে ট্যানারি মালিকরাও বেশি দামে চামড়া কিনবেন। বর্তমানে দেশে কোরবানির সময় সংগৃহীত চামড়ার প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ বি-গ্রেডের হয়ে থাকে। অনেক ক্ষেত্রে পশুর শরীর থেকে চামড়া ছাড়ানোর সময় অসতর্কতার কারণে গুণগত মান নষ্ট হয়। মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আগামী বছর পরিস্থিতির আরও উন্নতি হবে। অনুষ্ঠানে তিনি বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া কৃষিভিত্তিক অর্থনীতির ওপর গুরুত্ব দিয়েছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও কৃষকের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছেন বলে দাবি করেন তিনি। অনুষ্ঠানে কৃষকদের মাঝে ধান কাটার যন্ত্র, ভুট্টা মাড়াই যন্ত্র, এলএলপি ও হ্যান্ড স্প্রেয়ার বিতরণ করা হয়। পাশাপাশি থাইল্যান্ডের জনপ্রিয় ব্যানানা জাতের আমের কলমও বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, তৌহিদুল আনোয়ার, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম ও সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।









