পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে

সময়: 2:07 pm - May 26, 2026 |

মানব কথা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময়সীমা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। নির্দেশনা অনুযায়ী, ঈদ উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে ঈদের পর আবারও সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল বন্ধ রাখতে হবে। মঙ্গলবার (২৬ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-এর পিআরও মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের সময় ক্রেতাদের সুবিধা ও ব্যবসায়িক কার্যক্রম সচল রাখতে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। তবে ঈদের ছুটি শেষে বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে পূর্বের নিয়ম অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। এদিকে ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ ও এর আওতাধীন সব দফতর এবং সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সার্বক্ষণিক বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর্মকর্তারা ঈদের ছুটিতে যে এলাকায় অবস্থান করবেন, সেখানকার বিদ্যুৎ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন। পাশাপাশি পরিদর্শন সংক্রান্ত প্রতিবেদন বিদ্যুৎ বিভাগের সচিব বরাবর জমা দিতে হবে।

Share Now

এই বিভাগের আরও খবর