হজের খুতবার পর আরাফায় জোহর-আসর আদায়

সময়: 3:59 pm - May 26, 2026 |

মানব কথা: পবিত্র আরাফার ময়দানে হজের খুতবা শেষে জোহর ও আসরের নামাজ আদায় করেছেন লাখো হাজি। মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টার দিকে একসঙ্গে এ দুই ওয়াক্তের নামাজ আদায় করা হয়। এর আগে বিকাল ৩টা ২০ মিনিটের দিকে মসজিদে নামিরাহ থেকে হজের খুতবা প্রদান করেন শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি। চলতি বছরও বাংলাসহ বিশ্বের ৫০টি ভাষায় হজের খুতবার অনুবাদ সম্প্রচার করা হয়। টানা সপ্তমবারের মতো বাংলা ভাষায় খুতবার অনুবাদ শুনতে পেয়েছেন বাংলাদেশিসহ বাংলা ভাষাভাষী মুসল্লিরা। এবার বাংলা অনুবাদ কার্যক্রমে অংশ নেন ড. মুহাম্মদ খলীলুর রহমান, ড. আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ফারুক ও নাজমুস সাকিব। তারা সবাই বিভিন্ন সময়ে উম্মুল কুরা ইউনিভার্সিটি-তে অধ্যয়ন করেছেন। আরবি বর্ষপঞ্জি অনুযায়ী সৌদিতে আজ ৯ জিলহজ, যা ‘আরাফা দিবস’ হিসেবে পরিচিত। দিনব্যাপী ইবাদত, দোয়া ও মোনাজাতে মশগুল ছিলেন হাজিরা। তাদের কণ্ঠে উচ্চারিত হয়েছে পবিত্র তাওয়াফের ধ্বনি— “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক…”সাদা ইহরামের কাপড়ে আবৃত হজযাত্রীরা মঙ্গলবার মিনায় ফজরের নামাজ আদায়ের পর থেকেই আরাফার ময়দানের উদ্দেশে রওনা হন। ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ময়দানেই হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ভাষণ প্রদান করেছিলেন।
আজ সূর্যাস্তের পর হাজিরারা পরবর্তী গন্তব্য মুজদালিফার উদ্দেশে যাত্রা করবেন। বুধবার (১০ জিলহজ) পশু কোরবানির মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে এবং শুরু হবে পবিত্র ঈদুল আজহা উদযাপন।

তথ্যসূত্র: ইনসাইড দ্য হারামাইন

Share Now

এই বিভাগের আরও খবর