টেন্ডার ইস্যুতে অপপ্রচারের অভিযোগ, আইনি ব্যবস্থার প্রস্তুতিতে নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের

সময়: 9:56 am - May 27, 2026 |

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা: স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-এর কুমিল্লা বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের-এর বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। টেন্ডার সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল তাঁর সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছে বলে দাবি সংশ্লিষ্টদের। অভিযোগ রয়েছে, অধিদপ্তরের উচ্চমান সহকারী তাজমিন আক্তার-কে ঘিরে টেন্ডার প্রক্রিয়া নিয়ে সৃষ্ট বিরোধের পর থেকেই বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কয়েকটি উন্নয়ন প্রকল্পের দরপত্র কার্যক্রমকে কেন্দ্র করে স্থানীয় একটি পক্ষের সঙ্গে মতবিরোধ তৈরি হয়। এর জের ধরে নির্বাহী প্রকৌশলী আবুল খায়েরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার শুরু হয়। এ বিষয়ে আবুল খায়ের বলেন, “আমি নিয়ম মেনে দাপ্তরিক দায়িত্ব পালন করছি। এতে একটি পক্ষ ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আমার ব্যক্তিগত ও পেশাগত ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে।” তিনি আরও জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। খুব শিগগিরই সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলেও জানান তিনি। এদিকে অধিদপ্তরের একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, আবুল খায়ের দায়িত্ব গ্রহণের পর থেকে স্বচ্ছতা ও সততার সঙ্গে কাজ করে আসছেন। তাদের দাবি, একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত উদ্দেশ্যে দপ্তরের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Share Now

এই বিভাগের আরও খবর