৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি
মানব কথা:রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল–এর পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু ও কয়েকজনের অসুস্থতার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। শুক্রবার (২৯ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ), স্বাস্থ্য অধিদপ্তর এবং আদ্-দ্বীন হাসপাতালের পরিচালকের কাছে এ নোটিশ পাঠান। নোটিশে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ প্রদান এবং দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালের মা ও নবজাতক ওয়ার্ডে জরুরি নিরাপত্তা ও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। নোটিশে বলা হয়, আদ্-দ্বীন হাসপাতালের মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে একাধিক নবজাতকের মৃত্যু ও অসুস্থতার ঘটনায় দেশজুড়ে উদ্বেগ, শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী, গভীর রাতে সদ্য জন্ম নেওয়া কয়েকটি নবজাতক হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে অবিরাম কান্না, বমি, শ্বাসকষ্ট এবং শারীরিক অবস্থার দ্রুত অবনতি দেখা যায়। একইসঙ্গে কয়েকজন প্রসূতি মাও অসুস্থ হয়ে পড়েন। এতে আরও অভিযোগ করা হয়, সংকটময় পরিস্থিতিতে পর্যাপ্ত জরুরি চিকিৎসা সাড়া, সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হয়নি। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসাকর্মীদের উপস্থিতি ও তৎপরতায় ঘাটতি ছিল বলেও নোটিশে উল্লেখ করা হয়। আইনি নোটিশে চার দফা দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—দায়ীদের চিহ্নিত করে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসা ও রোগী নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর প্রটোকল প্রণয়ন এবং নিয়মিত তদারকি ব্যবস্থা গঠন। নোটিশে ৭২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জনসাধারণকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহিদ রায়হান জানিয়েছেন, তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের গুরুতর গাফিলতির প্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন, পোস্ট-অপারেটিভ ওয়ার্ডের অবকাঠামোগত ত্রুটিসহ নানা অনিয়ম ধরা পড়েছে এবং উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রতিবেদন শিগগিরই জমা দেওয়া হবে। এর আগে এ ঘটনায় রাজধানীর রমনা থানা–তে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা দায়ের করা হয়।









