‘১০ কোটি টাকা নেওয়ার’ অভিযোগ নিয়ে ব্যাখ্যা চাইলেন হাসনাত, অবস্থান স্পষ্ট করলেন জেলা পরিষদ প্রশাসক
মানব কথা: কুমিল্লা জেলা পরিষদের অর্থ বরাদ্দ নিয়ে আলোচনার মধ্যে এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়ার কাছে ব্যাখ্যা চেয়েছেন। জেলা পরিষদ থেকে তিনি ১০ কোটি টাকা নিয়েছেন—এমন বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর এ প্রতিক্রিয়া জানান তিনি। শনিবার (৩০ মে) বিষয়টি নিয়ে গণমাধ্যমে আলোচনার সৃষ্টি হলে হাসনাত আব্দুল্লাহ বলেন, তিনি ব্যক্তিগতভাবে কোনো অর্থ গ্রহণ করেননি। বরং সংশ্লিষ্ট অর্থ তার নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। পরে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়ার সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন হাসনাত। সেই ফোনালাপের অডিও তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন। ফোনালাপে জেলা পরিষদ প্রশাসক মো. মোস্তাক মিয়া বলেন, হাসনাত আব্দুল্লাহ ব্যক্তিগতভাবে অর্থ নিয়েছেন—এমন কথা তিনি বলেননি। বরং বিভিন্ন খাত মিলিয়ে তার এলাকার উন্নয়ন প্রকল্পের জন্য প্রায় ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এলাকার উন্নয়ন কাজের জন্যও প্রায় ১৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দুই এলাকায় মোট ২৫ কোটি টাকার উন্নয়ন বরাদ্দের বিষয়টিই তিনি তুলে ধরেছিলেন। প্রশাসক আরও বলেন, তার বক্তব্য গণমাধ্যমে সঠিকভাবে উপস্থাপিত না হওয়ায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। তিনি ব্যক্তিগত অর্থ গ্রহণের অভিযোগ তোলেননি বলেও স্পষ্ট করেন।এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, ব্যক্তিগত অর্থ গ্রহণ এবং উন্নয়ন প্রকল্পের জন্য সরকারি বরাদ্দ—দুই বিষয়কে আলাদা করে দেখার প্রয়োজন রয়েছে।









