আরও বাড়ল জ্বালানি তেলের দাম, ১ জুন থেকে কার্যকর নতুন মূল্য

সময়: 6:10 pm - May 31, 2026 |

মানব কথা:দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন ঘোষণায় পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানো হয়েছে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। রোববার (৩১ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন মূল্য সোমবার (১ জুন) থেকে কার্যকর হবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে ভোক্তা পর্যায়ের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী—
অকটেন: ১৪৫ টাকা (আগে ১৪০ টাকা)
পেট্রোল: ১৪০ টাকা (আগে ১৩৫ টাকা)
কেরোসিন: ১৩৫ টাকা (আগে ১৩০ টাকা)
ডিজেল: ১১৫ টাকা (অপরিবর্তিত)
ফলে জুন মাসে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বৃদ্ধি পেল। তবে ডিজেলের মূল্য আগের মতোই বহাল রাখা হয়েছে। এর আগে গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের মূল্য সমন্বয় করে সরকার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করেছিল। সেই মূল্য অনুযায়ী এতদিন বাজারে জ্বালানি তেল বিক্রি হয়েছে। সরকারের বিদ্যমান মূল্য সমন্বয় ব্যবস্থার আওতায় আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ করা হয়। জুন মাসের নতুন মূল্যও সেই প্রক্রিয়ার অংশ হিসেবে নির্ধারণ করা হয়েছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে পরিবহন ব্যয় ও পণ্য পরিবহনের খরচে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে ডিজেলের দাম অপরিবর্তিত থাকায় গণপরিবহন ও কৃষি খাতে তাৎক্ষণিক বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা কম বলে ধারণা করা হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর