সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময়, দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

সময়: 6:22 pm - May 31, 2026 |

মানব কথা:দেশের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কঠিন সময় অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এই সময়কে হালকাভাবে নিলে দেশ ও ভবিষ্যৎ প্রজন্মের বড় ধরনের ক্ষতি হতে পারে। রোববার (৩১ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সামনে একইসঙ্গে অত্যন্ত কঠিন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় অপেক্ষা করছে। এই সময়ে যদি আমরা দায়িত্বহীনভাবে চলি, তাহলে ক্ষতিগ্রস্ত হবে দেশ এবং ভবিষ্যৎ প্রজন্ম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দেশকে এগিয়ে নিতে চেয়েছিলেন, আমরা সেই ধারাবাহিকতায় দেশ পরিচালনার চেষ্টা করছি।” তিনি বলেন, বর্তমান সরকার একটি রাজনৈতিক সরকার, যার নিজস্ব আদর্শ, নীতি ও নির্বাচনী অঙ্গীকার রয়েছে। নির্বাচনের আগে জনগণের সামনে যে ম্যানিফেস্টো উপস্থাপন করা হয়েছিল, জনগণ সেটির প্রতি আস্থা রেখেই ভোট দিয়েছে। তাই সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে সেই অঙ্গীকার বাস্তবায়ন করা। তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সততা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য তাঁর কর্মপন্থা অনুসরণ করা প্রয়োজন। সামাজিক ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সময়ে নতুন প্রজন্মের মধ্যে নৈতিক, সামাজিক ও পারিবারিক মূল্যবোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তথ্য ও শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সভায় বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, সেলিমা রহমানসহ দলের কেন্দ্রীয় নেতারা। আলোচনা সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর