হাম ও উপসর্গে আরো ৭ জনের মৃত্যু

সময়: 11:16 am - July 14, 2026 |

মানব কথা:দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যু উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজন এবং হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬৬ জনে। মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত হিসাবের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় একজনের নিশ্চিত হামে মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ঢাকায় চারজন এবং সিলেটে দুইজনসহ মোট ছয়জন মারা গেছেন। চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ৬৭১ জনের মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৩৫ জনে। একই সময়ে আরও ৮৬৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এতে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ১৩ হাজার ২৪৪ জনে পৌঁছেছে।

হামের সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র‌্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে সারাদেশে রোগটির বিস্তার রোধে নজরদারি ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার কথা জানিয়েছে সংস্থাটি।

Share Now

এই বিভাগের আরও খবর