ফ্রান্স–স্পেন: ফাইনালে ওঠার মহারণ, এগিয়ে কে?

সময়: 2:30 pm - July 14, 2026 |

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের হাই-ভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ছন্দে থাকা দুই দলের এই লড়াইকে ইতোমধ্যেই অনেকেই ‘ফাইনালের আগেই ফাইনাল’ বলে আখ্যা দিচ্ছেন।

বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায় টেক্সাসের ডালাস স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। একদিকে গতিময় কাউন্টার অ্যাটাকনির্ভর ফ্রান্স, অন্যদিকে বল দখল ও নিয়ন্ত্রিত ফুটবলে বিশ্বাসী স্পেন—দুই ভিন্ন দর্শনের লড়াই জমে উঠবে বলেই প্রত্যাশা।

দুর্দান্ত ছন্দে ফ্রান্স

সেমিফাইনালে ওঠার পথে খুব বেশি কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়নি ফ্রান্সকে। দলটির আক্রমণভাগের নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। টুর্নামেন্টে ছয় ম্যাচে ৮ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে আছেন তিনি।

এমবাপের সঙ্গে আক্রমণে রয়েছেন মাইকেল ওলিসে, ওসমানে দেম্বেলে, ব্র্যাডলি বারকোলা ও ডিসায়ার ডুয়ের মতো তারকারা। তাদের নিয়ে এবারের আসরের অন্যতম শক্তিশালী আক্রমণভাগ গড়ে তুলেছে ফরাসিরা।

আত্মবিশ্বাসী স্পেন

কেপভার্দের বিপক্ষে হোঁচট খেলেও দ্রুতই ছন্দে ফিরেছে স্পেন। কোচ লুইস ডি লা ফুয়েন্তের অধীনে বল দখল, পরিকল্পিত আক্রমণ এবং সংগঠিত রক্ষণভাগের সমন্বয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা।

বিশ্বকাপে এখন পর্যন্ত তাদের রক্ষণভাগ ছিল সবচেয়ে নির্ভরযোগ্য ইউনিটগুলোর একটি।

সাম্প্রতিক লড়াইয়ে স্পেনের দাপট

সাম্প্রতিক সময়ে বড় মঞ্চে ফ্রান্সের বিপক্ষে সফল স্পেন। গত বছর উয়েফা নেশন্স লিগে ৫-৪ গোলের রোমাঞ্চকর জয় তুলে নেয় তারা। এর আগে ইউরো ২০২৪-এর সেমিফাইনালেও ২-১ ব্যবধানে ফ্রান্সকে হারিয়ে পরে শিরোপা জেতে স্প্যানিশরা।

অন্যদিকে, বিশ্বকাপ ইতিহাসে টানা তৃতীয় সেমিফাইনালে উঠে নতুন কীর্তি গড়েছে ফ্রান্স। এর আগে কেবল জার্মানি ও ব্রাজিলই এমন সাফল্য দেখাতে পেরেছিল।

হেড টু হেডে কারা এগিয়ে?

সব মিলিয়ে ৩৮ বার মুখোমুখি হয়েছে ফ্রান্স ও স্পেন।

ম্যাচ: ৩৮
স্পেনের জয়: ১৮
ফ্রান্সের জয়: ১৩
ড্র: ৭

২০১৮ বিশ্বকাপের পর বড় টুর্নামেন্টে ২৭ ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে স্পেন। ২০২২ বিশ্বকাপে জাপানের কাছে হারের পর টানা ১৪ ম্যাচ অপরাজিত রয়েছে তারা। এই সময়ে মাত্র ৫ গোল হজম করেছে এবং ৯ ম্যাচে ক্লিন শিট রেখেছে।

তবে বিশ্বকাপের ইতিহাসে দুই দলের একমাত্র আগের সাক্ষাতে জয়ী হয়েছিল ফ্রান্স। ২০০৬ বিশ্বকাপের শেষ ষোলোতে পিছিয়ে থেকেও শেষ ১০ মিনিটে দুটি গোল করে ৩-১ ব্যবধানে জিতেছিল লে ব্লুরা।

ফাইনালের টিকিট কার?

পরিসংখ্যান বলছে, সাম্প্রতিক সময়ে স্পেন কিছুটা এগিয়ে। তবে ফ্রান্সের তারকাবহুল আক্রমণভাগ এবং বড় ম্যাচের অভিজ্ঞতা তাদের সমানভাবে ভয়ঙ্কর প্রতিপক্ষ করে তুলেছে। ফলে ডালাসে দুই ইউরোপীয় পরাশক্তির এই মহারণে ফাইনালের টিকিট কার হাতে উঠবে, সেটিই এখন ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় অপেক্ষা।

Share Now

এই বিভাগের আরও খবর