হাজারীবাগে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৭
মানব কথা:রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা পুলিশ। শুক্রবার (১১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় হাজারীবাগ থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন— ইমন হোসেন বাবু, হৃদয় (২৫), মো. ফিরোজ, সিয়াম, আতিকুল, নাইম, আনোয়ার, শাহআলম, মো. কাইয়ুম, মো. সাজু, মো. স্বাধীন, মো. সালমান, মো. হাকিমুল গাজী, আমানউল্লাহ, তারা মিয়া ও মো. সিয়াম ফরাজী (১৯)। হাজারীবাগ থানা সূত্র জানায়, নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া কয়েকজন বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে পুলিশের দাবি। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে হাজারীবাগ এলাকায় নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।










