শাহবাগে জাতীয় ঈদগাহের পাশে মিলল দুই মরদেহ
অনলাইন ডেস্ক:রাজধানীর শাহবাগ এলাকায় জাতীয় ঈদগাহ ও কদম ফোয়ারা মোড় সংলগ্ন স্থান থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের আনুমানিক বয়স ৬৫ ও ৪৫ বছর। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে হাইকোর্ট মাজার ও জাতীয় ঈদগাহ সংলগ্ন ফুটপাত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) তৌফিক হাসান।
পুলিশ জানায়, দুপুরে জাতীয় ঈদগাহ ও হাইকোর্ট মাজার সংলগ্ন ফুটপাতে দুজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় পথচারীরা। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন। পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।এসআই তৌফিক হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত দুজন ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
নিহতদের পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণও খতিয়ে দেখছে পুলিশ।
শাহবাগ থানার পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
















