২৫ বছর পূর্তিতে চয়নিকার বিশেষ নাটক ‘জোছনায় ফেরা’
বিনোদন ডেস্ক: নির্মাণ জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে চয়নিকা চৌধুরী নিয়ে আসছেন বিশেষ একক নাটক ‘জোছনায় ফেরা’। লেজার ভিশনের প্রযোজনায় এবং শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি আগামীকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টায় বৈশাখী টিভিতে সম্প্রচারিত হবে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আইশা খান ও দীপা খন্দকার।স্বামী-স্ত্রীর দাম্পত্য জীবনের মান-অভিমান, আত্মদহন এবং সন্দেহের জটিল সমীকরণকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটকটির গল্প।
গল্পের সংক্ষেপ: আয়ান ও আয়রা—একদম নিখুঁত আর সুখী এক দম্পতি। কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে মোবাইলের একটি খুদে বার্তা (SMS) কেন্দ্র করে শুরু হয় তাদের সম্পর্কের টানাপোড়েন। ধীরে ধীরে সেই সন্দেহ ও অশান্তির আগুন বাড়তে থাকে, তৈরি হয় দুজনের মধ্যে মানসিক দূরত্ব।পরিস্থিতি আরও জটিল রূপ নেয় যখন বিদেশ থেকে হঠাৎ দেশে ফিরে আসেন আয়ানের বিশ্ববিদ্যালয় জীবনের ক্রাশ অবন্তি। অশান্তিতে পুড়তে থাকা দাম্পত্য জীবনে অবন্তির আগমন যেন আগুনে ঘি ঢেলে দেয়। এমন মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আর নাটকীয়তার মধ্য দিয়েই এগিয়ে যায় ‘জোছনায় ফেরা’র কাহিনী।
পরিচালকের কথা: নাটকটির চূড়ান্ত পরিণতি জানতে দর্শকদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি জানান, টিভি পর্দায় যারা নাটকটি দেখতে মিস করবেন, তারা ১৯ সেপ্টেম্বর থেকে লেজার ভিশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে নাটকটি উপভোগ করতে পারবেন।









