গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত Ramis Sen। আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় মন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে তুরস্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি তুরস্কের বিনিয়োগকারীদের বাংলাদেশের নির্মাণ খাত, জাহাজ নির্মাণ, ফার্মাসিউটিক্যালস ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান জানান।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ২০৩৫ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে পরিণত হতে চায় এবং সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দেশের ব্যবসাবান্ধব বিনিয়োগ নীতি বিদেশি কোম্পানির জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে বলেও উল্লেখ করেন তিনি।
বৈঠককালে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে তুরস্কের পারস্পরিক সহযোগিতা, অংশীদারিত্ব ও ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক অত্যন্ত দৃঢ়। তিনি দুই দেশের মধ্যে বিনিয়োগ ও উন্নয়নের ক্ষেত্র আরও বিস্তৃত করার সম্ভাবনার কথাও তুলে ধরেন।
এ সময় রাষ্ট্রদূত মন্ত্রীকে আগামী জুনে তুরস্কে অনুষ্ঠিতব্য ‘তুরস্ক কনস্ট্রাকশন সামিট ২০২৬’-এ অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

















